
নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন ২৭ জুলাই অনুষ্ঠিতব্য শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ের পথে হাটছেন স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকা। দীর্ঘদিনের পারিবারিক রাজনৈতিক টানাপোড়েন মিটিয়ে বিজয়ের ঘোষণা দিয়েছেন পরিবারটির রাজনৈতিক অভিভাবকরা।
শুক্রবার (২২ জুলাই) রাতে বৈশাখী বাজারের পথসভায় হাজারো ভোটারের উপস্থিতিতে এ ঐক্যের প্রকাশ্য ঘোষণা আসে।
আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন ঘনিয়ে আসায় যেমনি আশায় বুক বাঁধছেন প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থী। তেমনি ভোটের হাওয়ায় যোগ-বিয়োগের বাতাস বইতে শুরু করেছে। প্রথমদিকে ভোটারদের মাঝে যে আমেজ ছিল তা যেন আরও জমাট বাঁধতে শুরু করেছে এখন। কারও পালে হাওয়ার গতি কমছে কারও বা বাড়ছে।
সবশেষ শুক্রবার পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকা রয়েছেন তুমুল আলোচনায়। দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বন্ধনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে অধিকাংশ নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে ভোটের প্রচারণায় মাঠে নেমেছেন খোকার সমর্থনে। ইউনিয়নবাসীর সাথে গড়ে ওঠা দীর্ঘদিনের ভালোবাসার প্রতিফলনও ঘটছে ভোটের মাঠে। যেসব একনিষ্ঠ কর্মী এতোদিন দলীয় প্রতীকের জন্য জীবন বাজি রাখতে সর্বদা প্রস্তুত ছিলেন, আজ তারাই ‘মাঝি উপযুক্ত নয়’ আখ্যা দিয়ে মেতেছেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে। এর সাথে নতুন করে যোগ হয়েছে প্রার্থীর পারিবারিক ঐক্য।
সদ্যপ্রয়াত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা এর ছোট ভাই যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম এবং ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়ার সাথে সমঝোতায় মোটরসাইকেলের গতি অনেকাংশে বেড়ে গেছে বলে জানিয়েছেন খোদ ভোটাররা। চাচা-ভাতিজা জাহাঙ্গীর ও জাকারিয়া দু’জনই চেয়ারম্যান প্রার্থী ছিলেন এবং আমান উল্লাহ বাদশা এর সুবাদে তাদের গ্রহণযোগ্যতা পুরো ইউনিয়নজুড়ে। ফলে এ দুইজনের একাত্মতা প্রকাশে খোকার ভোটের সাথে অন্তত প্রায় আরও হাজারো ভোটের যোগ হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শুক্রবারের পথসভায় জাকারিয়া প্রকাশ্যে মঞ্চে এসে বক্তব্য দিয়ে চাচা খোরশেদ আলম খোকার সমর্থন জানিয়ে তার পিতার অনুসারী ও ভক্তদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এসময় উপস্থিত ভোটারদের মাঝে পিনপতন নিরবতা এবং আমান উল্লাহ বাদশার প্রতি আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটেছে খোকার পথসভায়। ইতিমধ্যেই বিষয়টি ইউনিয়জুড়ে আলাচনার জন্ম দিয়েছে। চারদিকে বিজয় নিশ্চিতের আভাস ছড়িয়ে পড়ছে। বিষয়টি আরও নিশ্চিত হতে শুরু করেছে বর্তমান পরিষদের দশজন ইউপি সদস্য-সদস্যা ও সাবেক সদস্য-সদস্যাদের প্রকাশ্য প্রচারণায়।