
নকলা (শেরপুর) : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগান কে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকালে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে (২৩ জুলাই থেকে ২৯ জুলাই) মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণে আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অনিক রহমান। পরে তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে- উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং এর মাধ্যমে প্রচারণা, র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সফল মৎস চাষীদের পুরষ্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যচাষীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষীদের সাথে মতবিনিময় সভা এবং সব শেষে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
এসময় (এনটিপি-২) প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা খালেদা ফেরদৌস তন্বী এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।