
স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা খালেদা ফেরদৌসি, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. হারুনুর রশিদ, সহ-সভাপতি শফিউজ্জামান রানা, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহম্মেদ, আব্দুল মোত্তালেব সেলিম, মাহবুবর রহমান, ইউসুফ আলী মন্ডল, শাহাজাদা স্বপন প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান বলেন, ২৩-২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। এই মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য সপ্তাহর প্রথম দিনে মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, ২য় দিনে উদ্বোধনী অনুষ্ঠান, মৎস্য চাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৩য় দিনে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, ৪র্থ দিনে মোবাইল কোর্ট ও ৫ম দিন মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ৬ষ্ঠ দিনে সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ, ৭ম দিনে মুল্যায়ন ও মৎস্য সপ্তাহের সমাপনী।