
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মৃগী নদী থেকে অবৈধভাবে স্কেভেটর (ভেকু) দিয়ে বালু উত্তোলনের অভিযোগে চাঁন মিয়া (৬৩) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার চরমধুয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। অভিযানকালে চাঁন মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও বুলবুল আহমেদ জানান, অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সত্যতা পাওয়া যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই জড়িতের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।