রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১.১০৮ কেজি ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ হাসানুজ্জামান (২২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টার সময় মোটরসাইকেলসহ চোরাকারবারিকে কায়বা থেকে আটক করা হয়। আটককৃত আসামী হাসানুজ্জামান উপজেলার পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন বালুন্ডা হতে জামতলা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ১টি মোটরসাইকেলসহ হাসানুজ্জামানকে আটক করে এবং শরীর তল্লাশি করে স্বর্ণের বারগুলো আসামীর কোমরে নীল রং এর অভিনব কায়দায় তৈরিকৃত ব্যাগের মধ্যে বাঁধা অবস্থায় ছিল।
খুলনা-২১ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, স্বর্ণ চোরাচালান রোধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে।
সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বর্ণ চোরাচালান রোধে বিজিবি পোস্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর জন্যই একের পর এক স্বর্ণের চালান সীমান্ত থেকে আটক করা সম্ভব হচ্ছে। আর এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃত স্বর্ণের বার এবং ১টি মোটরসাইকেল এর আনুমানিক বাজারমূল্য ৮৪ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা। আটককৃত আসামী হাসানুজ্জামান ও স্বর্ণের বার এবং মোটরসাইকেল শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।