
নালিতাবাড়ী (শেরপুর) : সনাতন ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে এ উপলক্ষে শহরের গোপাল জিউর মন্দিরে এক আলোচনা সভা ও পরে শহরে শোভাযাত্রার আয়োজন করা হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা ও শহর শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ নালিতাবাড়ী উপজেলা ও শহর শাখা, যুবঐক্য পরিষদ উপজেলা শাখা এবং গোপাল জিউর মন্দির কমিটির যৌথউদ্যোগে জন্মাষ্টমি উদযাপন করা হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি শ্রী অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে মোবাইল ফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী।
এসময় পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেন রায়, শহর শাখার সভাপতি বিবেক সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবুসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।