
নালিতাবাড়ী (শেরপুর) : ভারতীয় ৯৫ বোতল মদসহ মনিরুজ্জামান মনির (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করেছে র্যাব-১৪ জামালপুর।
মঙ্গলবার (২৩ আগস্ট) শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ধোপাকুড়া বাজার থেকে আটকের পর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, অভিনব কায়দায় ভারতীয় ব্র্যান্ডের ৯৫ বোতল মদ পচার করা হচ্ছে জেনে র্যাব-১৪ জামালপুর উপজেলার ধোপাকুড়া বাজারস্থ জনৈক শফিকুল ইসলামের ভাই ভাই এন্টারপ্রাইজ এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় উল্লেখিত ভারতীয় মদসহ পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামের আনার আলীর ছেলে মনিরুজ্জামান মনিরকে হাতেনাতে আটক করা হয়। এসময় জব্দকৃত মদের মূল্য প্রায় ৪৭ হাজার টাকা বলে জানায় র্যাব।
অভিযানে নেতৃত্বে থাকা র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এমএম সবুজ রানা জানান, আটককৃত মনির দীর্ঘদিন যাবত শেরপুর ও জামালপুর জেলাসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।