
আতিকুর রহমান আতিক, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রাম পানিহাতা থেকে গরু চোর আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
গতকাল শনিবার (২৭ আগস্ট) বিকেলে গরু চোর শফিকুলকে আটক করা হয়। এসময় জনতার হাত থেকে পালিয়ে যায় ঝলঝলিয়া গ্রামের অপর চোর সজিব।
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে মায়াঘাসি গ্রামের হায়দার আলীর প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি গাভি চুরি হয়ে যায়। এরপর তিনি আশপাশে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। শনিবার পার্শ্ববর্তী পানিহাতা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে ওই গরুটি দেখতে পান হায়দার আলীর স্ত্রী। এরপর তিনি স্থানীয় লোকজন নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে গেলে বিষয়টি টের পেয়ে জাহাঙ্গীর আগেই গরুটি সড়িয়ে ফেলে। এসময় চোরাই ওই গরুটি পাশের বাগানে দেখা মিললে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাহাঙ্গীর জানায়, স্থানীয় শফিকুলের মাধ্যমে ২০ হাজার টাকায় তিনি গরুটি ক্রয় করেছেন। এসময় স্থানীয় লোকজন শফিকুলকে আটক করলে শফিকুল জানায়, পার্শ্ববর্তী ঝলঝলিয়া গ্রামের সজিবের কাছ থেকে ৫ হাজার টাকা কমিশন চুক্তিতে ভারতীয় গরু বলে জাহাঙ্গীরের কাছে বিক্রি করে সে।
পরে স্থানীয় লোকজন ঝলঝলিয়া গ্রামে সজিবকে ধরতে গেলে সজিবের বাবা-মা-ভাই- বোনসহ পরিবারর লোকজন লাঠিসোটা নিয়ে বাঁধা দেয়। এ সুযোগে সজিব বাড়ি থেকে পালিয়ে যায়। পরে আটক শফিকুলকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, আটক শফিকুল ও পালিয়ে যাওয়া সজিব চিহ্নিত চোর।