
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় লাইসেন্সবিহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাব বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা ও স্বাস্থ্য প্রশাসন।
বুধবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত দিকে কলাপাড়া পৌর শহরের হাসপাতাল রোড এলাকার ক্লিনিক পাড়ায় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: জেএইচ খান লেলিন, কলাপাড়া উপজেলা স্যানিটারী ইনন্সপেক্টর মৃনাল দেবনাথ প্রমুখ।
অভিযানে বৈধ কোন কাগজপত্র না থাকায় এবং অস্বাস্থ্য পরিবেশে ল্যাবের কার্যক্রম পরিচালনার দায়ে সময় ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব সিলগালা করে দেয়া হয় এবং কোন মালিক কিংবা কর্মচারী না পাওয়ায় তাদের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালত।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক বলেন, অবৈধ ভাবে ও অস্বাস্থ্য পরিবেশে ল্যাবের কার্যক্রম পরিচালনার দায়ে সময় ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব সিলগালা করে দেয়া হয়েছে এবং মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে স্বাস্থ্য বিভাগকে। পর্যায়ক্রমে কলাপাড়ার সকল ল্যাব ক্লিনিকে অভিযান পরিচালিত হবে।