
শেরপুর: শেরপুরে স্কুলের টয়লেট থেকে রিমন হাসান নামে এক ছাত্র হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিহত রিমনের বাসস্থান খুনুয়া এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে মানববন্ধন শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শেরপুর শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, নিহত স্কুলছাত্র রিমনের বাবা সাগর মিয়া ও মা রশিদা বেগমসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
গত ২৬ আগস্ট শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের একটি টয়লেট থেকে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিমনের বিবস্ত্র ও কাদামাখা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন ২৭ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রিমনের বাবা। নিহত রিমন পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের সাগর মিয়ার ছেলে।