
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) সংসদীয় আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন নালিতাবাড়ীর পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপি’র আহবায়ক আনোয়ার হোসেন ভিপি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেন তিনি।
ভিপি আনোয়ার জানান, নকলা-নালিতাবাড়ীর প্রাণ পুরুষ ও বিএনপি’র কা-ারী মরহুম জাহেদ আলী চৌধুরীর মৃত্যুর পর এ আসনটি অনেকটা অভিভাবক শুন্য। অভিভাবকহীন হয়ে বিএনপি নেতাকর্মীরা আজ দ্বিধা-বিভক্ত। ফলে এ আসনের বাইরে থেকে কেউ অ্যামেরিকা প্রবাসী আবার কেউবা জাপান প্রবাসী এসব প্রবাসীরা এখানে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন। স্থানীয় নেতৃত্বের সংকটে বহিরাগতরা এসে দলে বিভক্তি সৃষ্টি করছেন। এমতাবস্থায় বিএনপি’র ঐক্য প্রতিষ্ঠা করতে হলে স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
তিনি জানান, আমরা কোন প্রবাসীর হয়ে কাজ করতে চাই না। আমরা বিএনপি করি, বিএনপি-ই আমাদের পরিচয়। তাই আগামী নির্বাচনে বিএনপি থেকে নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনে আমি নিজেই সংসদ সদস্য প্রার্থী হব এবং দলীয় মনোনয়ন চাইব।
বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এদিন বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত নেতাকর্মী মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। পরে গড়কান্দায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক মেয়র ভিপি আনোয়র হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবীর, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন, মানিক মিয়া, শহর শ্রমিক দলের সভাপতি সফর উদ্দীন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদ হোসেন রুমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আকরাম হোসেন অপু, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাকিবসহ উপজেলা বিএনপি ও শহর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।