
শেরপুর : ১২ বছর বয়সের ৫ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী নাফিস এর সামনেই রাগ করে তার মা নাসরিন আক্তার (৩২) গলায় ওড়না পেচিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহরের গৃর্দানারায়নপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
পরিবহন শ্রমিক প্রয়াত বাবুর স্ত্রী নাসরিন গৃদানারায়নপুরস্থ জনৈক কাজলের বাসায় দুই বছর যাবত তার দুই ছেলে নাফিজ (১২) ও নাবিল (৮) কে নিয়ে ভাড়ায় থাকতেন।
নাসরিনের বড় ছেলে নাফিজ জানায়, প্রতিদিন আমি বাইরে খেলতে গেলে মা বকাবকি করতো। আজও খেলতে যাওয়ায় মা রাগ করে এবং একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে বলতে থাকে, ‘আমি ফাঁসি দিয়ে মরে যাবো’। তখন আমি দরজায় ধাক্কা দিয়ে মা’র কাছে মাফ চেয়ে বলি, ‘আর কোন দিন বাইরে যাবো না।’ কিন্তু মা দরজা না খোলায় আমি জানালার পাশে যাই। এসময় দেখি মা গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলার চেষ্টা করছেন। এসময় আমি চিৎকার করলে আশপাশের লোকজন এসে স্টিলের দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। ততক্ষণে মায়ের শ্বাস বন্ধ হয়ে ফ্যানের সাথে ঝুলে মারা যান। পরে খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
নাসরিনের শ্বশুর বাড়ি ঢাকার বিক্রমপুর এবং তার বাবার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামে। ২০২০ সালে তার স্বামী বাবু ঢাকা-শেরপুর রোডে চলাচলরত শেরপুর চেম্বার অব কমার্সের বাসে চাকুরি করা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা যান। নাসরিনের বড় ছেলে নাফিস স্থানীয় নবারুন পাবলিক স্কুলে ৫ম শ্রেণিতে এবং নাবিল ইকরা মাদরাসায় নার্সারিতে পড়াশোনা করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।