
শেরপুর : শেরপুরে দুই ইজিবাইকের সংঘর্ষে আব্দুল কাদির জিলানী (৫২) নামে এক পল্লী চিকিৎসকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের মোবারকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। জিলানী খড়িয়াকাজিরচর ইউনিয়নের দক্ষিণ খড়িয়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর শহর থেকে ওষুধ কিনে ইজিবাইকে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন পল্লী চিকিৎসক আব্দুল কাদির জিলানী। এসময় শহরের মোবারকপুর মহল্লার বাঁশখালী এলাকায় এলে বিপরীত দিকে থেকে দ্রুত গতিতে আসা আরেকটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা জিলানীর ডান হাত অপর ইজিবাইকের রডে লেগে ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এছাড়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইজিবাইক দুটি জব্দ করে থানায় নিয়ে গেছে।