
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় খড়ের পালায় আগুন দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুরুজ আলী (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিকেলে মৃতুুর বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করে পুলিশ। নিহত সুরুজ আলী উপজেলার নারায়খোলা পশ্চিম পাড়া গ্রামেরগ মৃত মন্নেছ আলীর ছেলে।
জানা গেছে, বুধবার ভোরে খড়ের পালায় আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় সালেহ মিয়া ও তার পিতা আরজু মিয়া মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সুরুজ আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার সময় সুরুজ আলী মারা যান।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।