
কলাপাড়া (পটুয়াখালী) : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অমান্য করে ভূমি দখলে লিপ্ত হয়েছে কুয়াকাটা ক্লাব। অন্যের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযোগে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করা হয়। দাবি করা হয়, কুয়াকাটা ক্লাব কর্তৃপক্ষ কাগজপত্র পর্যালোচনা ছাড়াই ৪ একর ১৭ শতক জমি বারবার মামলায় হেরে যাওয়া একটি পক্ষের নিকট থেকে বায়না চুক্তি করে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন। কুয়াকাটায় জমি ক্রয়-বিক্রয়ে অনুমোদন নেয়ার নিয়ম থাকায় মামলার তথ্য গোপন করে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের অনুমোদনও পেয়ে গেছেন। এখন যেকোন মুহূর্তে দলিল রেজিস্ট্রি করে নিবেন। এমন শঙ্কার কথাও উল্লেখ করেছেন জমির মালিকানা দাবিদারদের একজন গাজী আব্বাস উদ্দিন আহম্মেদ (বাচ্চু)।
তিনি দাবী করেন, আইউব আলী সিকদার ও আব্দুল মান্নান গংরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পেশি শক্তির বলে জোরপূর্বক দখল করে ভোগদখল করছে। এসব ভূমিদস্যুর কাছ থেকে দখলমুক্ত করে প্রকৃত মালিকদের মালিকানা স্বত্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে বলেন, কুয়াকাটা ক্লাবের মতো একটি সামাজিক সংগঠন এমন অস্বচ্ছতার আশ্রয় নিয়ে দখল নৈরাজ্য করলে তা আইনগতভাবে মোকাবেলা করা হবে। পর্যটন নগরী কুয়াকাটা পৌর সভার ৮নং ওয়ার্ডে এস এ ২০৮ নং খতিয়ানের মালিক রাখাইন সম্প্রদায় ইয়োছেনা মগনী ও লাথয়ে মগ হইতে ১৩ একর ৫৪ শতক জমির পত্তনমূলে মালিক ছিলেন মরহুম আব্দুল করিম হাওলাদার। তার মালিকানা স্বত্ব বিজ্ঞ আদালত কর্তৃক দেওয়ানী ১২৩/৭৫ নং মোকাদ্দমায় রায় ডিক্রী বলে স্বীকৃত। উক্ত জমি বে-আইনীভাবে পেশী শক্তির জোরে স্থানীয় আইউব আলী সিকদার এবং আব্দুল মন্নান হাওলাদার গংরা জমির প্রকৃত মালিক আব্দুল করিম হাওলাদারের মুত্যুতে ডিক্রী বাতিলের অপচেষ্টায় দেওয়ানী ৮৬/১৯৭৬ এবং ২৯৮/১৯৭৮ নং মোকাদ্দমা করে ব্যর্থ হন। পরবর্তীতে দেওয়ানী ১১/২০০৩ মোকাদ্দমা করে আইউব আলী সিকদার আপিল করে। যা দ্বিপাক্ষিকভাবে আব্দুল করিম হাওলাদারের অনুকূলে আইউব আলী সিকদার গংদের আপিল খারিজ হয়। উক্ত জমি আব্দুল করিম হাওলাদারের ওয়ারিশগনের নামে নামজারী ও খাজনা দাখিলা সম্পন্ন করা হয়।
এসময় গাজী আব্বাস উদ্দিন আহম্মেদ দাবী করেন, নগদ টাকার প্রয়োজনে মরহুম করিম হাওলাদারের ওয়ারিশগণ কলাপাড়া এস আর অফিসের ২৬/০৫/২০১১ তারিখের রেজিস্টিকৃত ৪৩৫২ ও ৪৩৫৩ এবং ৭/৬/২০১১ তারিখে রেজিস্ট্রি কৃত ৪৫৫৩/১১ নং বায়না দলিল মুলে ৮ একর ৬৪ শতক জমি বায়নাসহ আমাদের কতিপয় ব্যক্তির নামে হস্তান্তর করে। গত ২৬/৫/১১ ইং তারিখে কলাপাড়া এসআর অফিসে রেজিস্ট্রিকৃত ১৩৪৮ ও ১৩৫০ নং আমমোক্তারনামা দলিলমূলে তফসিলভূক্ত সম্পত্তি রক্ষণা-বেক্ষণ, মামলা পরিচানা এবং ক্রয় বিক্রয়ের জন্য আবুল কালাম ও আমি গাজী আব্বাস উদ্দিনকে ওয়ারিশগণ কর্তৃক আমমোক্তার নিযুক্ত করেন।
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, আইউব আলী সিকদার ও আব্দুল মান্নান হাওলাদার গংরা নিন্ম আদালত ও উচ্চ আদালতে মালিকানা দাবী স্বত্ব না করতে পেরে কুয়াকাটা ক্লাবের কাছে বিক্রি করে এবং কলেজ নির্মাণের জন্য জমি মৌখিকভাবে দান করে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে গোপনে জমির আকার আকৃতি পরিবর্তন করেছে। যা সম্পূর্ণ বে-আইনী।
তিনি আরও দাবী করেন, জরিপকারী কর্মকর্তাগণ কাগজপত্র পর্যালোচনা না করে বিশেষ সুবিধা গ্রহণের মাধ্যমে আইউব আলী গংদের নামে বিএস জরিপ করে দেয়। মালিকানা স্বত্ব না থাকলেও শুধুমাত্র ভূলবশত বিএস জরিপের বলে বিরোধীয় জমি তরিঘড়ি করে বিক্রি এবং দানপত্র দলিল করে দিয়ে নিজের দাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে। উচ্চ আদালতের রায় ডিক্রী বলে বর্তমানে বিএস জরিপ সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে কুয়াকাটা ক্লাবের প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে পর্যালোচনা করেই প্রকৃত জমির মালিকদের নিকট থেকে রেজিস্ট্রি বায়না চুক্তি সম্পাদন করে আমরা ভোগদখলে রয়েছি।