
স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও ভেকু (স্কেভেটর) দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে ৮নং চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল উদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে নকলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক মৃত জয়েন উদ্দিনের ছেলে বাতেন মিয়া।
গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার সময় উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
বাতেন মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত প্রতিবেশি মৃত রইচ উদ্দিনের পুত্র দুলাল উদ্দিন (৬০) মেম্বার, বিল্লাল হোসেন (৪৫) ও ইয়াসিন আলী (৩২) গং আমার দেবুয়ারচর মৌজার ২৪৯ নং খতিয়ানে ২০২ নং দাগের কান্দা শ্রেণির ৫৬ শতাংশের কাতে ৪৯ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চালিয়ে আসছে। শুক্রবারে বিকেলে ওই জমিতে ভেকু দিয়ে মাটি কাটাসহ ভূমি দখলের পায়তারা করে। তারা গ্রামের কোন বিচার-শালিস মানে না। যে কোন মুহুর্তে জান-মালের ক্ষতি করতে পারে।
চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী বলেন, বিষয়টি আমি শুনেছি। মেম্বার দুলাল কাজটা ঠিক করেনি। এ ব্যপারে মেম্বার দুলাল উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
নকলা থানার সহকারি উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, দেবুয়ারচরের বাতেন মিয়া জমি সংক্রান্ত বিরোধের একটি লিখিত অভিযোগ দায়ের করায় আমি ঘটনাস্থলে গিয়ে ওই জমিতে ভেকু দিয়ে মাটি কাটতে নিষেধ করি। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।