
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় দু’টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লাখ টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার পশ্চিম টালকী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
পুকুরের মালিক আব্দুল মন্না বলেন, প্রায় তিন বছর যাবত ৩০ শতাংশ জমিতে পুকুর করে মাছ চাষ করে আসছি। বুধবার দিবাগত রাতের আধারে ৭-৮জন লোক বাড়িতে প্রবেশ করতে চেয়েছিল। ঘুম থেকে জেগে ওঠায় টের পেয়ে তারা চলে যায়। যাওয়ার সময় তার পুকরের পানিতে গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে। পরে আজ সকালে পুকুরের মাছ মরে ভেসে ওঠে।
তিনি বলেন, প্রতিবেশি জামাল, আব্দুল আলিম ও মাজহারুলদের সাথে দীর্ঘদিন যাবত মামলা-মোকাদ্দমা চলে আসছে। এ কাজটি তারাই করতে পারে বলে আমার ধারণা।
অন্য পুকুরের মালিক চানু মিয়া বলেন, আব্দুল মন্নার ছোট ভাই হযরত আলীর কাছ থেকে ৩৫ শতাংশের একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছি। মন্নানদের সাথে প্রতিবেশি জামাল, আব্দুল আলীম ও মাজহারুলদের দীর্ঘদিন যাবত মামলা-মোকাদ্দমা থাকায় শত্রুতাবশত আমার পুকুরের সব মাছও মেরে ফেলেছে।
মাছ চাষী আব্দুল মন্নানের স্ত্রী বিলকিস অভিযোগ করে বলেন, আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়েও তারা ক্ষান্ত হয়নি। গতরাতে আমাদের পুকুরের সব মাছ মেরে তাদের ঝাল মিটালো।
স্থানীয় ইউপি সদস্য ছামিদুল ইসলাম জানান, আমি রাতে শোনেছি কে বা কার রাতের আঁধারে বিষ দিয়ে দু’টি পুকুরের সব মাছ মেরে ফেলেছে। যারাই কাজটি করুক ঠিক করেনি।
আব্দুল আলীম অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল মন্নাসহ তার ভাইয়েরা মিলে কিছুদিন আগে আমার বাড়িতে হামলা করে এবং ঘরের ভিতরে প্রবেশ করে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। আমি এ বিষয়ে থানায় মামলা করি। পুলিশ তাদের গ্রেফতার করে জেল-হাজতে পাঠায়। ওই শত্রুতার জেরে আমাদের বিরুদ্ধে বিষ প্রয়োগ করে মাধ নিধনের অভিযোগ করছে। আমি ময়মনসিংহে থাকি আর বৃদ্ধ বাবা-মা টালকী গ্রামের বাড়িতে থাকেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।