
কলাপাড়া (পটুয়াখালী) : আগামী ১৭ অক্টোবর পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দ্বিতীয় বারের মত মনোনয়নপত্র জমা দিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী স্বেছাসেবক লীগ কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি এবং কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার।
গতকাল বুধবার দুপুরের দিকে পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিস কার্যলয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহনুর খানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মাহবুবুর রহমান, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহবুদ্দিন, চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আমির হোসেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য দুধল মীর, লতাচাপলী ইউনিয়ন পরিষদ সদস্য তুহিন খান উপস্থিত ছিলেন ।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ফিরোজ শিকদার বলেন, আমি কোনদিন অপরাজনীতি করিনি। চেষ্টা করেছি সবার অংশগ্রহণ ও সহযোগিতায় পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে। বড়দের সম্মান করেছি, ছোটদের আদর-স্নেহ দিয়েছি। সংগঠনকে গতিশীল করতে নেতাকর্মী ও সবার সহযোগিতায় একসঙ্গে কাজ করেছি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১২টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা এবং উপজেলা পরিষদের সদস্যরা এ নির্বাচনে ভোটাধিকার হবেন। ৭ নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৮৫ জন। জেলা পরিষদে টাকা জমা দেওয়ার শেষ সময় ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬সেপ্টেম্বর ও ভোট গ্রহণ ১৭ অক্টোবর। ইভিএমের মাধ্যমে জনপ্রতিনিধিরা ভোট দিবেন।
উল্লেখ্য, ব্যবসায়ী নেতা ফিরোজ শিকদার কলাপাড়া উপজেলার জেলা সদস্য প্রার্থী হিসাবে ২০১৬ সালে প্রথমবারের মত বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। জেলা সদস্য দায়িত্বপালনকালীন সময়ে নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। তিনি এ উপজেলায় জনসেবায় অনন্য নজির স্থাপন করেছেন। কলাপাড়ায় আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে সর্বমহলে প্রশংসিতও হয়েছেন।