
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মাছের ঘের থেকে নয়া মিয়া নয়ন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার দুপুরে মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের একটি মাছের ঘেরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নয়ন ওই গ্রামের লিটন খানের ছেলে।
ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোন এক সময় মাছের ঘেরে পানি নিস্কাশনের চুঙ্গার মুখে পড়ে সে জালে আটকে যায় এবং পিঠে আঘাতপ্রাপ্ত হয়। ওই ঘেরে পাতা জাল থেকে সে প্রায়ই মাছ সংগ্রহ করতো। তবে ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশুর বাবা ও মা ঢাকায় থাকেন। শিশু নয়ন তার নানা বাড়ি ডাবলুগঞ্জ ইউনিয়নে থাকতো। বৃহস্পতিবার সকালে সে তার নানা বাড়ি থেকে দাদা বাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে আসে। বিকেলে ওই এলাকার একটি নতুন নৌকা নির্মাণের মিলাদে অংশ নেয়ার পরে সে নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয়রা তার লাশ দাদা বাড়ির সংলগ্ন একটি মাছের ঘেরের পাশে দেখতে পায়। তার পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।