
নালিতাবাড়ী (শেরপুর) : প্লে শ্রেণিতে পড়ুয়া ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে প্রাইভেট পড়াতে গিয়ে শ্লীলতাহানীর অভিযোগে মোনায়েম বিল্লাহ (২২) নামে এক গৃহশিক্ষকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ দণ্ড প্রদান করেন।
আদালত সূত্র জানায়, সকালে শহরের কাচারিপাড়া মহল্লার জনৈক ব্যক্তির ছয় বছর বয়সী ও প্লে শ্রেণিতে পড়ুয়া কন্যাশিশুকে প্রতিদিনের ন্যায় বাসায় প্রাইভেট পড়াতে যান তাদেরই গৃহশিক্ষক মোনায়েম বিল্লাহ। এসময় শিশুটির মা-বাবা দু’জনেই বাসার বাইরে থাকায় মোনায়েম ওই শিশুকে পড়ানোর পরিবর্তে শ্লীলতাহানী করে। হঠাৎ শিশুটির মা বাসায় এসে ঘটনা দেখে ফেললে আশপাশের লোকজন ডেকে ওই গৃহশিক্ষককে আটক করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সাক্ষ্যপ্রমাণ শেষে গৃহশিক্ষক মোনায়েমকে ৯ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে আরও ৫শ টাকা অর্থদণ্ডও করা হয় মোনায়েমকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।