
শেরপুর : শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ৯ সদস্য অনাস্থা প্রস্তাব এনে মানববন্ধন করেছেন। এসময় তাদের সাথে শতাধিক সাধারণ জনগণ অংশগ্রহণ করে।
অপরদিকে চেয়ারম্যানের পক্ষে প্রায় ২শতাধিক জনগণ ইউনিয়ন পরিষদে অবস্থান নেয়। চেয়ারম্যান-মেম্বারদের এ কোন্দলকে কেন্দ্র করে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
১৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে ধলা ইউনিয়নের চান্দেরনগর করইতলা বাজারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান নাগরিক সেবায় হয়রানী, প্রকল্পে অনিয়ম, বিভিন্ন লাইসেন্স প্রদানের বাড়তি ফি গ্রহণ, অতিরিক্ত টাকার বিনিময়ে জন্মনিবন্ধন প্রদান ও রাজস্ব আয় হতে সদস্যদের বেতন-ভাতা প্রদান না করে অর্থ আত্মসাতের চেষ্টা করছেন।
ইউপি সদস্য নিটু মিয়া বলেন, চেয়ারম্যান পাস করার পর থেকে এখন পর্যন্ত কোন মিটিং করে নাই। ট্যাক্সসহ সকলপ্রকার রাজস্ব আদায়ের হিসাব দেয় না, বিভিন্ন প্রকল্পের সভাপতি স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছে, এছাড়া চেয়ারম্যান দিনের বেলা অফিস করে না। সে রাতে অফিস করে, যার জন্য সাধারণ জনগণ ভোগান্তিতে থাকে।
জানা যায়, গত ১৩ জুলাই ২০২২ তারিখে ধলা ইউনিয়ন পরিষদের ১১ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নানা অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন। ওই অনাস্থা প্রস্তাবটি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য করা হয়েছিল উল্লেখ করে ২৬ জুলাই জেলা প্রশাসক বরাবর আবেদন করে প্রস্তাব প্রত্যাহার করা হয়। তবে ১২ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে ৯ জন সদস্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পুরনো সেই অভিযোগ তুলে পুনরায় অনাস্থা প্রস্তাব আনা হয়।
এ ব্যাপারে চেয়ারম্যান জাকির হোসেন জানান, আমি নির্বাচনে বিপুলসংখ্যক ভোটে জয়ী হয়েছি। জনগণের ভালোমন্দ দেখার পবিত্র দায়িত্ব আমার। মেম্বারদের অনৈতিক প্রস্তাব মেনে নেওয়া আমার কাছে সম্ভব নয়। তারা আমার কাছে অনৈতিক সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, আমি ঘটনাটি অবগত হয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।