
শেরপুর : শেরপুরে পুকুরের পানিতে ডুবে আহেদ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের পাশে এ ঘটনা ঘটে। আহেদ আলী পার্শ্ববর্তী দিঘলদী মোল্লাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, আহেদ আলী পীর ও মাজার ভক্ত লোক হওয়ায় প্রায়ই তিনি বিভিন্ন মাজারে ঘুরে ৭-৮ দিন পর বাড়ি ফিরতেন। একইভাবে গত ৭-৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হন। সোমবার রাতে তাকে কুসুমহাটি বাজারে আশপাশে ঘুরতে দেখেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে কুসুমহাটি বাজারের পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।