
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাত জেগে পাহারা দিলো এলাকাবাসী।
গতকাল বুধবার দিবাগত রাতে ধানখানী ও টিয়াখালী ইউনিয়নে ডাকাত দল প্রবেশ করেছে, ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়লে জনেজনে লাঠি হাতে গ্রামের পাহারায় নামেন সাধারণ মানুষ। এমনকি বিভিন্ন এলাকায় মসজিদে মাইকিং করে জনসাধারণকে সচেতেনতার বার্তা দেয়া হয়।
এছাড়া তিন ব্যক্তির ছবি ডাকাত চিহ্নিত করে ফেসবুক মাধ্যমে পোস্ট দেয়া হলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। আর এতেই ছড়িয়ে পরে ডাকাত আতঙ্ক। ফলে ডাকাতদের প্রতিহত করতে পাড়ায়-মহল্লায় লাঠি হাতে বেরিয়ে পড়েন যুবক-বৃদ্ধসহ সব বয়সী মানুষজন।
এদিকে শুধু গ্রামেই নয়, কলাপাড়া পৌর শহরের চিংগুড়ীয়াসহ বিভিন্ন এলাকায় ডাকাত প্রবেশের খবর ছড়িয়ে পরলে মানুষজন ঘুম উপেক্ষা করে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। এমনকি গভীর রাতে মোবাইল ফোনে যোগাযোগ করে স্বজনদের সতর্ক বার্তা দেন অনেকেই। এছাড়া রাতে লাঠি হাতে পাহারা দেয়ার ছবি তুলে বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট করেন অনেকে।
অপরদিকে বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে কলাপাড়া থানা পুলিশের হাতে এক ডাকাত ধরা পরেছে বলে পোস্ট পোস্ট দেয়া হয়। বাকি ডাকাত দলের সদস্যরা ধানখালীসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছে, এমন গুজব ছড়িয়ে পড়লে ঘর ছেড়ে রাস্তায় বেড়িয়ে পড়েন ডাকাত আতঙ্কে থাকা বাসিন্দারা।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, পুলিশের পক্ষ থেকে ডাকাত ধরা হয়েছে কিংবা ডাকাত প্রবেশ করেছে এমন কোন তথ্য কাউকে দেয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্পর্কে তিনি বলেন, এটা সম্পূর্ণ গুজব। তবে বুধবার রাতে চোর সন্দেহে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।