যশোর : যশোরের শার্শায় প্রেমের সম্পর্কে ধর্ষণের শিকার হয়েছে এসএসসি এক পরিক্ষার্থী (১৮)। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে পুলিশ প্রহরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় নিজামপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহাজাহান মল্লিকের ছেলে হাসান আলী (২০) ও একই গ্রামের রিজাউল করিমের ছেলে মাসুদ (২০)।
এছাড়া এ ঘটনায় জড়িত একই ইউনিয়ের কন্দপপুর গ্রামের মিজান চৌকিদারে ছেলে নুরুজ্জামান (২৭), ফটিকের ছেলে সাকিব (২৮), জাহান আলীর ছেলে নাসিম হোসেন (২৮) পলাতক রয়েছে।
স্থানীয় এক ইউপি সদস্য ও কয়েকজন গ্রামবাসী জানান, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফাঁকা বাড়িতে মুঠোফোনের মাধ্যমে প্রেমিক হাসান আলীকে ডেকে নিয়ে আসে।তারা একই রুমে অবস্থান করছিলো। পাশের একটি চায়ের দোকানে অবস্থান করছিল হাসানের বন্ধু মাসুদ। একই সময়ে ঐ এলাকার তিন যুবক নুরুজ্জামান, সাকিব ও নাসিম বিষয়টি দেখতে পেয়ে তাদের দুজনকে অনৈতিক কাজে লিপ্ত দেখে দুই বন্ধু ও ভিকটিম কিশোরীকে আটক করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।
একপর্যায়ে হাসানকে তারা মারধর করে আটকে রেখে নুরুজ্জামান, সাকিব ও নাসিম ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে বলে ভিকটিম তার পরিবারকে জানায়। পরে স্থানীয়রা পরিবারের লোকজনকে বলে মেয়েটির সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকাতে প্রেমিকসহ বন্ধু মাসুদকে আটক করে।
স্থানীয় লোকজন আটক হাসান আলী ও মাসুদকে পরবর্তীতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যদের সংবাদ দিলে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে শার্শা থানায় নিয়ে যায়। অপর তিন আসামী নুরুজ্জামান, সাকিব ও নাসিম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিকালে মেয়েটির ভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। মেয়েটি যেহেতু এসএসসি পরীক্ষার্থী, সে কারণে মানবিক দিক বিবেচনা করে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সুযোগ-সুবিধা বুঝে মেয়েটির জবানবন্দী গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।