
কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুর থানার মৎস্য বন্দর আলীপুর থেকে ৬৫৫ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
গত বৃহস্পতিবার গভীর রাতে মৎস্য বন্দর এলাকায় আলীপুরের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার বিকেলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কলাপাড়া জুডিসিয়াল আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রহিমা বেগম (৩৭) ও খোদেজা বেগম (৩২)। তাদের বাড়ি কক্সবাজারে। মৎস্য বন্দর আলিপুরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লতাচাপলী ইউনিয়নের আলিপুর থেকে তাদেরকে ৬৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এখানে বাসা ভাড়া নিয়ে শ্রমিক পেশার অন্তরালে কক্সবাজার থেকে মাদক এনে অবৈধ ব্যবসা করে আসছিল বলেও জানান তিনি।