
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নকল নারিকেল তেলের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের ইসলামপুর সড়কে একটি ভাড়াটিয়া বাসায় এ অভিযান চালানো হয়।
এসময় কিউট, বৌ-রাণী মার্কাসহ বিভিন্ন প্রকার নকল তেল অবৈধভাবে ব্যবসার দায়ে নাবিল এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. রাসেদকে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সাথে বেশ কিছু স্টিকারযুক্ত বোতল ও অবৈধ ক্যামিকেল জব্দ করে। পরে তা প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।