
হালুয়াঘাট (ময়মনসিংহ) : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ময়মনসিংহের প্রতিটি পূজা মন্ডপে অন্যান্যবারের তুলনায় ২ থেকে ৩ গুণ পুলিশ-আনসার নিয়োজিত থাকবে। প্রতিটি পূজা মন্ডপ এলাকায় সার্বক্ষনিক টহলে থাকবে পুলিশ। প্রতিটি পূজা মন্ডপ এলাকায় পুলিশ আনসার এর পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম।
গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন।
তিনি ধোবাউড়া উপজেলার উদাহরণ টেনে বলেন, এখানে (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য হলেন আদিবাসী সম্প্রদায়ের, উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন আদিবাসী সম্প্রদায়ের, উপজেলা আ’লীগের সভাপতি হচ্ছেন একজন মুসলিম ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হচ্ছেন সনাতন সম্প্রদায়ের। এমন সম্প্রীতির মেলবন্ধন সারাদেশে খোঁজে পাওয়া যাবে না। আমি ময়মনসিংহে যোগদানের পর হালুয়াঘাটের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। এখানে আসছে শারদীয় দুর্গা পূজা সবাই মিলে উপভোগ করবে।
পূজা মন্ডব পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে ছিলেন, হালুয়াঘাট পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম ভূঞা, হালুয়াঘাট সার্কেলের এএসপি সাগর দিপা বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান, পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সম্পাদক অশোক সরকার অপু প্রমুখ।