
(শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় একজন মাওলানার কাছে এসে কালেমা পড়ে এবং আদালতে এফিডেভিটের মাধ্যমে সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।
এরা হলেন- নালিতাবাড়ি পৌর শহরের গড়কান্দা মহল্লার মৃত খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রানী, তার পুত্র জয় ও বিজয়। বর্তমানে তারা সবিতা রানী নাম বদলে আছিয়া বেগম, জয় বদলে মোহাম্মদ হাসান ও বিজয় বদলে মোহাম্মদ হোসাইন গ্রহণ করেছেন।
এ বিষয়ে নওমুসলিম আছিয়া বেগম জানান, ইসলাম ধর্ম আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। প্রতিবেশীদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান দেখে আমারও ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চাইতো। ছেলে বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করছে শুনে আমি এবং আমার অন্য ছেলে জয়কে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি।
নওমুসলিম মোহাম্মদ হোসাইন জানান, কারো প্ররোচণায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি অনেক দিন থেকেই ইসলাম ধর্ম গ্রহণের জন্য নিজেই খতনা করেছি। এখন আমার মা ও ভাইকে নিয়ে আদালতের মাধ্যমে এফিডেভিট করে ও কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম।
অ্যাডভোকেট মেরাজ উদ্দিন জানান, স্বর্গীয় খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রাণী বিশ্বাস ও তার দুই পুত্র স্বেচ্ছায় আমার কাছে এসে তাদের সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসানের মাধ্যমে তাদের এফিডেভিট সম্পন্ন করে দিয়েছি।