
বান্দরবান : বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বী মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠীরা তাদের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে বা শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে নানান আয়োজন হাতে নিয়েছে। প্রতি বছরের মত এবারও এ উৎসবকে কেন্দ্র করে বান্দরবানের মারমা সম্প্রদায় তিন দিনব্যাপী ধর্মীয় উৎসব পালন করবে। প্রাণের এ উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে ঘর সাজানো, নতুন কাপড়-চোপড় কেনা থেকে শুরু করে ব্যস্ত সময় পার করছেন।
মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মালম্বীরা জানান, যুগের পর যুগ তিন মাসব্যাপী বর্ষাবাস (উপোস) থাকার পর পাহাড়ি মারমা সম্প্রদায়ের লোকজন ধর্মীয় ভাব-গম্ভীর্যের মধ্যদিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উৎসব পালন করে আসছে।
কথিত আছে, বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ এই আশ্বিনী পূর্ণিমায় তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। তাই আশ্বিনী পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধ ধর্মালম্বীরা আকাশে উড়ায় শত শত ফানুস বাতি। নিজস্ব সামর্থ্য অনুযায়ী ফানুস বাতি বানিয়ে আকাশে উড়িয়ে বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধকে স্মরণ বা উৎসর্গ করেন ভক্তরা।
বান্দরবানে সমাজ উন্নয়ন কর্মী (এনজিও) পাইমেচিং মারমা বলেন, প্রবারণা পূর্ণিমার দিন ভগবান বুদ্ধের উদ্দেশ্যে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্ট পরিষ্কার দান, শীল গ্রহণ, প্রদীপ পূজা ও ফানুস ওড়ানোসহ নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসবটি পালন করে থাকেন বৌদ্ধ ধর্মালম্বীরা।
আরেক মারমা তরুণী ওয়াং ম্রা চিং মারমা বলেন, মারমাদের ওয়াগ্যোয়াই উৎসব মানেই এক প্রকার মিলন মেলা। বিশেষ করে রথটানার সময় মারমা সম্প্রদায়ের পাশাপাশি সবর্স্তরে মানুষ এক কাতারে ঢোল আর সুরের তালে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন।
ওয়াগ্যোয়াই উৎসব উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, দীর্ঘকাল ধরে বান্দরবানে মারমারা ধর্মীয় অনুষ্ঠানমালার পাশাপাশি সামাজিক উৎসব পালন করে থাকেন। মারমাদের ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে- মঙ্গল শোভা রথযাত্রা। বিশাল আকৃতির ড্রাগন তৈরি করে তার ওপর একটি বুদ্ধ মূর্তি স্থাপন করে রথটি টেনে পুরো শহর ঘুরিয়ে সাঙ্গু নদীতে বিসর্জন দেওয়া হয়। এ সময় বৌদ্ধধর্মের নর-নারীরা ভগবানের উদ্দেশ্যে নগদ টাকা ও মোমবাতি জ্বালিয়ে পূজা করেন বুদ্ধ মূর্তিকে। ওই সময় রথের পিছনে যুবক-যুবতিরা তাদের ঐহিত্যবাহী গান গেয়ে ঢোল বাজিয়ে সকলকে উৎসাহের যোগান দিয়ে থাকে। অনুষ্ঠানের মাত্রাকে বাড়িয়ে দিতে তৈরি করা হয় ভয়ংকর আকৃতির পুতুল। আর নির্মিত পুতুলের ভিতরে মানুষ প্রবেশ করে নেচে মানুষকে ভীতি প্রদর্শনের মাধ্যমে আনন্দ দিয়ে থাকে। সেইদিন রাতের রথযাত্রা দেখার জন্য সবর্স্তরে মানুষ রাস্তার দু’পাশে উপচেপড়া ভিড় জমায়।
তাছাড়া ওয়াগ্যোয়াই পোয়ে-কে ঘিরে ৯ অক্টোবর রাতে বান্দরবানে বিভিন্ন পাড়ার গলিতে পিঠা তৈরির উৎসব আয়োজন করা হবে। এসময় রাতে পাহাড়ি তরুণ-তরুণী সারিবদ্ধভাবে বসে হরেক রকমের পিঠা তৈরি করে থাকে। পরদিন ভোরে বিহারের নর-নারীরা সমবেত হয়ে ভগবান বুদ্ধের উদ্দেশে পিঠা ছোয়েং (পিঠা আহার) দান করেন। এরপর অবশিষ্ট পিঠা প্রতিবেশীদের বাড়ি বাড়ি বিতরণ করা হয় এ উৎসবে।
ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শৈটিংওয়াই মারমা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ওয়াগ্যোয়াই পোয়ে-কে সার্বজনীন করতে ধর্মীয় অনুষ্ঠানমালাসহ ইতিমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ৯ অক্টোবর সন্ধ্যায় পুরাতন রাজবাড়ীর মাঠ থেকে মহারথ টেনে নিয়ে যাওয়া হবে বৌদ্ধ বিহারে, আর পরদিন মধ্যরাতে সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্যদিয়ে মারমা সম্প্রদায়ের ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা উৎসব) ইতি টানা হবে।
বান্দরবান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে শহরজুড়ে নিরাপত্তা জোরদারের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে নজরদারি থাকবে।