
শেরপুর : শেরপুরে পিকআপ ভ্যানের চাপায় হাসান নামে (৩৫) এক ফেরিওয়ালা নিহত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া এলাকায় শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জিনোম মেডিকেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ও ৩ সন্তানের জনক। তিনি শেরপুর শহরের নতুন বাস টার্মিনালের মাজার রোডে ভাড়াং থেকে ফেরি করে পণ্য বিক্রি করতেন।
স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জের প্রায় ৪শ ফেরিওয়ালা শেরপুর শহরের বসবাস করেন এবং বিভিন্ন জায়গায় ফেরি করে প্লাস্টিকের মালামাল বিক্রি করেন। শনিবার সকাল পৌণে ৮টার দিকে হাসানসহ কয়েকজন ফেরিওয়ালা প্রতিদিনের মতো মালামাল বিক্রি করতে বের হন। এসময় সদর বয়ড়া এলাকায় শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জিনোম মেডিকেল হাসপাতালের সামনে পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত হাসানকে স্থানীয়রা উদ্ধার করে জিনোম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।