
শেরপুর : শেরপুরে ওসমান গণি (৮) নামে এক মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকেলে শহরের চকপাঠক বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শহরের নাগপাড়া এলাকার মারকাজুল কোরআন হাফেজিয়া মাদরাসার ছাত্র নিহত ওসমান গণি ওই এলাকার মেহেদী হাসান প্রিন্সের ছেলে।
স্বজনদের অভিযোগ, ওসমান গণিকে পরিকল্পিতভাবে হত্যার পর তার বাবা, সৎ মা ও বোন জামাই ফাঁসিতে ঝুলিয়ে রাখে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেহেদী হাসান প্রিন্স ও মারিয়া ইয়াসমিনের বিয়ের পর দাম্পত্য জীবনে ওসমান গণির জন্ম হয়। কিছুদিন পর পারিবারিক কলহের কারণে স্ত্রী মারিয়াকে ডির্ভোস দেন প্রিরন্স। এ নিয়ে মামলার একপর্যায়ে প্রিন্সের পক্ষে রায় আসে এবং এফিডেভিট করে ছেলে ওসমান গণিকে পিতার কাছে দেওয়া হয়।
এদিকে তিন বছর আগে প্রিন্স দ্বিতীয় বিয়ে করে এবং মারিয়া ইয়াসমিনেরও অন্যত্র বিয়ে হয়ে যায়। বাবার দ্বিতীয় বিয়ের পর ওসমান গণি টেলিভিশনে আসক্ত হয়ে পড়ে। পরে শহরের নাগপাড়ায় অবস্থিত মারকাজুল কোরআন হাফেজিয়া মাদরাসায় ওসমান গণিকে ভর্তি করা হয়। এরপর গত সপ্তাহে দাদা মারা যাওয়ায় ওসমানকে মাদরাসা থেকে বাড়ি নিয়ে আসেন বাবা প্রিন্স। আজ দুপুরে ওসমান গণি ঘরের দরজা বন্ধ করে খেলাধূলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে ডেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা মারিয়া ইয়াসমিন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে, আমি এর বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা জানান, ওসমান গণি সব সময় আদরে থাকতো। দুপুরে ঘরের দরজা বন্ধ করে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এখন আমাদের ফাঁসানোর জন্য এসব বলা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। সুরতহালে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।