
শেরপুর : শেরপুরে স্ত্রীর থাপ্পড়ের অপমান সইতে না পেরে স্বামীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলায় লতা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। রায়ে একইসাথে লতা বেগমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। লতা বেগম শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের মৃত সাইফুল ইসলামের স্ত্রী ও ৩ সন্তানের জননী।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের এপিপি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু জানান, ২০১৬ সালের ৩১ আগস্ট রাত ৮টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়াঝাটির একপর্যায়ে পিতার বাড়ির লোকজনের সামনেই স্বামী সাইফুল ইসলামের গালে থাপ্পড় মারে গৃহবধূর লতা বেগম। একইসাথে তাকে কিলঘুষিসহ তীর্যক ভাষায় তিরস্কার করে লতা। ওই ঘটনায় মনের রাগে-ক্ষোভে রাতেই নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে স্বামী সাইফুল।
এ ঘটনায় সাইফুলের মা সাজেদা খাতুন বাদী হয়ে ওই বছরের ৮ সেপ্টেম্বর লতা বেগমসহ ৬ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর দীর্ঘ তদন্ত শেষে আদালতে ৬ জনের বিরুদ্ধেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগপত্র দাখিল করেন সিআইডির তৎকালীন এসআই মনিরুল আলম ভুইয়া। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।