
নালিতাবাড়ী (শেরপুর) : টাকার বিনিময়ে গ্রাম্য দলিলে ছেলের কাছে বিক্রিত জমি বিক্রি করা হয়নি দাবী করেই ক্ষান্ত হয়নি এক পিতা। উপরন্তু ওই জমি দখলে নিতে বৈপিত্রেয় সন্তানের সাথে হাত মিলিয়ে ঔরষজাত সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন ওই পিতা।
এমন ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বেকিকুড়া গ্রামে। এমতাবস্থায় সত্য উদঘাটনে ছেলে আফরোজ আলী পিতা আতর আলীর বিরুদ্ধে স্থানীয় প্রেসক্লাবে লিখিত আবেদন করেছেন।
সরেজমিনে গেলে জানা যায়, বেকিকুড়া গ্রামের বাসিন্দা আতর আলী (৬৫) এক ছেলে ও এক মেয়ের দায়িত্ব নিয়ে বিধবা এক নারীকে বিয়ে করেন। পরে তাদের ঘরে ৪ মেয়ে ও ২ ছেলের জন্ম হয়। ২০০৯ সালে ওই নারীর মৃত্যুর ৩ মাস পর আতর আলী দ্বিতীয় বিয়ে করেন। ওই সময় আতর আলী তার জমি ৬ সন্তানের মাঝে ভাগ করে দেন। ২০১২ সালে ভিটেবাড়ির ১২ শতাংশ জমি ৬ লাখ টাকার বিনিময়ে দুই ছেলে আনসার আলী ও আফরোজ আলীর কাছে গ্রাম্য দলিলে বিক্রি করেন। আবাদি ৩৫ শতাংশ জমি নিজের অনুকূলে রেখে দেন। ফলে সন্তানেরা নিজেদের অংশে থাকা সম্পত্তি ভোগদখল করে আসছিল। কিছুদিন পর আতর আলী অবশিষ্ট ৩৫ শতাংশের মধ্যে ২৫ শতাংশ জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেন। বাকী ১০ শতাংশ জমি অন্যত্র বিক্রি করে দেন। এমতাবস্থায় আতর আলী তার দুই ছেলে আনসার ও আফরোজের কাছেই থাকতেন।
এদিকে দ্বিতীয় স্ত্রীর ঘরে ছেলে সন্তানের জন্ম হলে কিছুদিন পর দুই ছেলের নামে লিখে দেওয়া সম্পত্তি লিখে দেননি বলে দাবি করেন আতর আলী। উল্টো জোর করে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ এনে দুই সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তবে জমি ক্রয়ের তথ্য-প্রমাণ থাকায় অভিযোগটি নিষ্পত্তি হয়ে যায়।
কয়েকদিন আগে বসতভিটার ১২ শতাংশ জমি ছেলেদের কাছ থেকে দখলে নিতে চেষ্টা করেন পিতা আতর আলী। নানা কৌশলে ব্যর্থ হয়ে প্রথম স্ত্রীর আগের ঘরের ছেলে (বৈপিত্রেয়) মোশারফকে সাথে নিয়ে পুনায় দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন আতর আলী।
ভুক্তভোগী আফরোজ আলী জানান, আমার বাবা তার দ্বিতীয় স্ত্রী ও সাবেক স্ত্রীর প্রথম ঘরের ছেলে মোশারফের কু-পরামর্শে আমাদের বাসা থেকে বের করে দিতে নানা মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে যাচ্ছেন। অথচ তিনি এখনও আমাদের ঘরেই থাকছেন এবং খাওয়া-দাওয়া করছেন।
তবে পিতা আতর আলী জানান, আমি কাউকে সম্পত্তি লিখে দেইনি। অন্যায়ভাবে ভোগ-দখল করে যাচ্ছে। মামলার
তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, যেহেতু বাবা ছেলের মধ্যকার ঘটনা। তাই সামাজিকভাবে বসে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হবে।