
শেরপুর : নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমানকে রাজসিক সংবর্ধনা দিয়ে বরণ করেছেন তার নিজ জেলা শেরপুরের ছাত্রদল নেতাকর্মীরা।
বিএনপি’র ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় অংশ নিতে এলে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে জেলার ছাত্রদল নেতাকর্মীরা সুফিয়ানকে নকলা থেকে বরণ করেন।
এসময় সুফিয়ানকে ফুল ছিটিয়ে, ফুলের মালা পড়িয়ে ছাদ খোলা কারে (কনভার্টিবল কার) বরণ করেন জেলার ছাত্রদল নেতাকর্মীরা। পরে তাকে নকলা নালিতাবাড়ী ও শেরপুর সদরে নেওয়া হয়। পরে তিনি শেরপুর শহরস্থ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর বাসায় জেলা ছাত্রদলের প্রস্তুতি সভায় অংশ নেন। এসময় তাকে বরণকারী শতশত নেতাকর্মী বিশাল মোটরসাইকেল বহর নিয়ে স্লোগানে পুরোটা সময় মাতিয়ে রাখেন।
সভায় প্রধান অতিথি ও প্রধান সমন্বয়ক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু সুফিয়ান। অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাজিব হাসান, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে সুফিয়ানের জন্মস্থান নালিতাবাড়ী শহরে প্রবেশ করতে চাইলেও সন্ধ্যায় শহরের নয়ানিকান্দা বাইপাসে আটকে দেয় পুলিশ। এসময় নেতাকর্মীরা অনুরোধ করলেও পুলিশি বাঁধায় ফিরে যান সুফিয়ান।
সুফিয়ান ছোটবেলা থেকেই মেধাবী সুফিয়ান দাখিল ও আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগ নিয়ে গোল্ডেন জিপিএ অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদালয়ে পড়াশোনার সুযোগ পান।