
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসন-১। এ আসনে আবারো পুণরায় নির্বাচিত হয়েছেন মোছা. আছমাউল হোসনা শিমুল।
রবিবার বিকেলে আছমাউল হোসনা শিমুল’র শ্বশুরবাড়ি বিলডোরা ইউনিয়নে তার আগমন উপলক্ষে বিলডোরা বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে আমতৈল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এক মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলডোরা বাজারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য আছমাউল হোসনা শিমুল।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, মেম্বার এসোসিয়েশনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক ওয়াদুদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আছমাউল হোসনা শিমুল’কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
এ সময় স্বাগত বক্তব্যে আছমাউল হোসনা শিমুল বলেন, এ বিজয় আপনাদের সকলের। আমি প্রথম বিলডোরা ইউনিয়ন থেকে সংরিক্ষত মহিলা আসনে ইউপি সদস্য নির্বাচিত হই। আপনারা যদি সেদিন আমাকে ভোট না দিতেন তাহলে আজ আমি দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ সদস্য হিসেবে জয়ী হতে পারতাম না। আপনারা দোয়া ও ভালোবাসা আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আপনার সমর্থন সবসময় কামনা করি।