
শেরপুর : শেরপুরে তুচ্ছ ঘটনা আপোষ-মিমাংসা করতে শালিসে বসে প্রকাশ্যে খুর দিয়ে উপর্যুপরি আঘাত করে কিনের আলী (৪০) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
গত বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরপক্ষিমারি সাতপাকিয়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে। কিনের আলী ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চার দিন আগে ওই এলাকার একই গোষ্ঠীর কিনের আলীদের সাথে তুফানু, চান মিয়া, আক্কাছ, শাকিল, মমিন ও সেলিমদের জমিতে পানি দেওয়ার সেচ নিয়ে কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ নিয়ে বুধবার রাতে গোষ্ঠির মুরুব্বীদের নিয়ে দু’পক্ষই আপোস-মীমাংসায় বসে। একপর্যায়ে প্রতিপক্ষ ধারালো ক্ষুর দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করলে কিনের আলী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি বছির উদ্দিন বাদল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।