
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ৩রা নভেম্বর ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস। নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আচকিপাড়া গ্রামে তেলিখালী যুদ্ধে নিহত শহীদদের জন্য নির্মিত স্মৃতিসৌধ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণ, মহান শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আচকিপাড়া শহীদ স্মৃতি আদিবাসী নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্মৃতি চারণ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক সায়েম, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, আ’লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, ওসি মো. শাহিনুজ্জামান খান, জুগলী ইউপি চেয়ারম্যান ছামাদুল ইসলামসহ যুদ্ধে নিহত শহীদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩ নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী হালুয়াঘাটের তেলিখালী ক্যাম্প পাকিস্তানি সেনাদের কাছ থেকে দখলমুক্ত করতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা এক সম্মুখযুদ্ধে লিপ্ত হয়। পাঁচ ঘণ্টার রক্তক্ষয়ী এই যুদ্ধে ১২৪ জন পাকিস্তানি সেনা ও তাদের শতাধিক সহযোগী রাজাকার আলবদরসহ ২৩৪ জনকে নিহত করে মুক্তিযোদ্ধাদের যৌথবাহিনী। এতে শহীদ হন মিত্রবাহিনীর ২১ জন জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা। তেলিখালী বিজিবি ক্যাম্পের পেছনে শনাক্ত করা হয়েছে সাত শহীদের গণসমাধি।
তালিকাভুক্ত সাত শহীদ হচ্ছেন জামালপুরের সরিষাবাড়ির শওকত আলী, ময়মনসিংহের ফুলপুরের হযরত আলী, হালুয়াঘাটের আক্তার হোসেন, ময়মনসিংহ সদরের আলাউদ্দিন, শাহজাহান, শ্রী রঞ্জিত গুপ্ত এবং সিপাহী ওয়াজিউল্লাহ সহ নাম না জানা অনেকেই।