যশোর : যশোরের শার্শায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩রা নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত মনির হোসেন নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক।
স্থানীয় এলাকাবাসী জানান, মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল। তার স্ত্রীর সাথে অন্য কোন একজনের পরকিয়া চলছিলো বলে শুনা যাচ্ছে। তার মৃত্যু স্বাভাবিক নয়। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকান্ড ঘটিয়েছে।
শার্শা থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এসএম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।