
কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে গভীর রাতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের লাইনে শক খেয়ে অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে খাজুরা বাহামকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে রোববার বেলা ১১টার দিকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে অজ্ঞাত এক ব্যক্তিকে মৃত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় মৃতদেহের শরীরের চামরা অধিকাংশ ঝলসানো ছিল। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এসময় ট্রান্সফরমার চুরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো: আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত মৃতদেহটি সনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।