রফিকুল ইসলাম, যশোর : যশোর বেনাপোল মহাসড়কে মৃত্যুর মিছিল প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। শনিবার (১২ নভেম্বর) ভোর রাতে আবারও ঝিকরগাছা উপজেলার গদখালি বাজারে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ জামাল হোসেন (৬৮), বেনাপোল কাগজপুকুর গ্রামের শফি দফাদারের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, জামাল হোসেনের বড় ছেলে জিয়ার শ্বশুর বাড়ি ঝিকরগাছা থানাধীন নোয়ালি গ্রামে জিয়া পরিবার নিয়ে বসবাস করতেন। হার্ট অ্যাটাকের কারণে ১১ নভেম্বর শুক্রবার রাতে তিনি মারা যান। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে জামাল হোসেন পরিবারের অন্য সদস্যদের নিয়ে ছেলের লাশ দেখার জন্য বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে রওনা হন। পথিমধ্যে গদখালী বাজারে জনৈক কামারুলের দোকানের সামনে ভ্যানটি এলে একটি বিড়াল দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ভ্যানের সামনে চলে আসলে চালক আকস্মিক ব্রেক কষে। ফলে ভ্যানটি রাস্তার ওপর উল্টে জামাল হোসেন ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তার সাথে থাকা অন্য লোকজন জামাল হোসেনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল নয়টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।