
শেরপুর : শেরপুরে রাস্তায় চলাচলকারী কুকুরকে বাঁচাতে গিয়ে ভটভটি উল্টে আব্দুল জব্বার (৬৫) নামে এক গরুর পাইকার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে সদর উপজেলার গাজিরখামার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জব্বার বগুড়া জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল জব্বার নালিতাবাড়ী শহরের নয়ানিকান্দা গরুর হাট থেকে পাইকারি গরু কিনে ভটভটিযোগে শেরপুরের পাকুরিয়ার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে গাজিরখামার এলাকায় এলে রাস্তার মাঝে চলাচলকারী একটি কুকুরকে বাঁচাতে গিয়ে ভটভটির নিয়ন্ত্রণ হারায়। এতে ভটভটি উল্টে গিয়ে জব্বার গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন আব্দুল জব্বারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল কবির সুমন বলেন, হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে আব্দুল জব্বার মারা যান।