
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পরকিয়া সন্দেহে এক গৃহবধ ও এক যুবকের উপর সিনেমা স্টাইলে বর্বর হামলার অভিযোগ উঠেছে।
গত রোববার রাত ১০টার দিকে মহিপুর থানার সদর ইউনিয়নের নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক ইব্রাহীম ও তিন সন্তানের জননী গৃহবধূ হাসপাতালের যন্ত্রণায় কাতরাচ্ছেন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রায় ১০ বছর আগে ওই গ্রামের লেহাজ উদ্দিনের পুত্র জামাল উদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় তার। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীকে বিভিন্ন সময়ে সন্দেহ করে অমানসিক নির্যাতন করতো স্বামী।
তিনি বলেন, বাবার বাড়ি যাওয়া-আসার সুবাদে স্থানীয় মোটরসাইকেল চালক ইব্রাহীমের সাথে পরিচয় হয় তার। চালক ভালো মানুষ হওয়ায় তাকে নিয়ে বরাবরই বাবার বাড়ি যেতেন তিনি। কিন্তু নির্যাতনের রাতে পরিকল্পিত নাটক সাজিয়ে বাবার বাড়ি পাঠানোর কথা বলে ইব্রাহীমকে ডেকে নেয় তার স্বামী। পরে ইব্রাহীম বাড়ির দরজায় পৌঁছালে তাকে আচমকাই নির্যাতন শুরু করেন তার স্বামী এবং স্বামীর বাড়ির লোকজন। ইব্রাহীমকে টেনে-হিচরে বাড়ির মধ্যে নিয়ে সিনেমা স্টাইলে বর্বর নির্যাতন চালানো হয়। একই সময় বেশ কয়েকজন পুরুষ নিয়ে গৃহবধূকেও অমানসিক নির্যাতন চালায় বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী মোটরসাইকেল চালক ইব্রাহীম জানায়, আমি কিছুই বুঝে উঠতে পারিনি। ফোন দিয়ে ডেকে নেয়ার পর হঠাৎই আমাকে পেটাতে শুরু করে। ছিনিয়ে নেয়া হয় মানিব্যাগ, মোবাইল ও মোটরসাইকেল। তিনি জানান, তার যৌনাঙ্গে নির্যাতন করা হলে সজ্ঞাহীন হয়ে পরেন। পরে তাকে এক নারী ইউপি সদস্য উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
তার অভিযোগ, প্রায় দুই ঘন্টাব্যাপী মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে বশার, আফজাল, শহীদুল ও শাহীনসহ আরও বেশ কয়েকজন তার কাছ থেকে আদায় করে নেয় স্বীকারোক্তি।
এদিকে গৃহবধূর স্বামী জামাল হোসেন বলেন, বেশ কিছুদিন যাবৎ ফোনে কথা বলতো তার স্ত্রী। ওইদিন ইব্রাহীমের সাথে বাড়ির উঠানে স্ত্রীকে জড়াজড়ি করতে দেখে রাগ সামলাতে পারেননি। দু’জনকে আমি সামান্য মারধর করেছি। কিন্তু রাস্তার মানুষজন এসে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে মারধর করেছে। আমি মারিনি।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দ্রুতই তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।