
শ্রীবরদী (শেরপুর) : বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীবরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৬ নভেম্বর) দুপুরে শহরের সাতানী মথুরাদি এলাকায়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন। দিনভর কাউন্সিল, বিক্ষোভ ও নানা নাটকীয়তা শেষে রাতে শেরপুর সার্কিট হাউজে বসে কেন্দ্রীয় নেতাদের পরামর্শক্রমে মোতাহারুল ইসলাম লিটনকে সভাপতি ও ছালাহ উদ্দিন ছালেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও আগামী ১৫ দিনের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্র রাতে প্রকাশ করা হয়।
এছাড়াও সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান সুজা, লাবিনা আক্তার লিমা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এডিএম শহিদুল ইসলাম, এ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাষাণী, এ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক পদে মিজানুর রহমান রাজা ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রাঞ্জল এম সাংমাকে নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল।
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আশরাফ হোসেন খোকা। গত ২০১৫ সালের ১৩ মার্চ শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।