
বান্দরবান : বান্দরবান পৌর শহরে অস্থায়ী বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে আটকা পড়ে বেকুন্নাহার (১৩) নামে এক গৃহকর্মী কিশোরীর মৃত্যু হয়েছে। সে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস এর ছেলে সোহেলের বাসায় (গৃহপরিচারিকার) কাজ করত।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বান্দরবান অস্থায়ী বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে এ ঘটনা ঘটে। প্রায় ৫ ঘন্টায় চেষ্টা পর লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে লিফটের ভেতরে কীভাবে ওই কিশোরীর আটকে মারা গেছে নাকি অন্য কিছু ঘটেছে- এখনও তা নিশ্চিত হতে পারিনি কেউ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ এর ছেলে সোহেলের বাসায় গৃহকর্মীর কাজ করত সাবিকুন্নাহার। বুধবার বিকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহষ্পতিবার সকালে ভবনের লিফটে গৃহকর্মীকে আটকে থাকতে দেখতে পায় দারোয়ান। এসময় দারোয়ান তাকে উদ্ধার করতে গেলে সেও লিফটে আটকে যায়। পরে খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের লোকজন এসে দারোয়ানকে জীবিত উদ্ধার করলেও মারা যায় গৃহকর্মী সাবিকুন্নাহার।
দারোয়ান নুরুল আমিন বলেন, সকালে লিফটের ভেতরে ঢুকে ওপর থেকে রক্ত পড়তে দেখি। পরে আমি ভয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি।
জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দীন জানান, দুইজন লিফটে আটকে গেছে বলে খবর পেয়ে একজনকে (দারোয়ান) জীবিত অবস্থায় উদ্ধার করি। পরে ভবনের দেয়াল কেটে মেয়েটির লাশ উদ্ধার করতে সক্ষম হই। ঘটনা তদন্ত করে পরে বিস্তারিত জানাতে পারবো।
লিফট এর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, অপরিকল্পিতভাবে লিফটটি স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় আওতার সাত তলা ভবনের তিন তলা পর্যন্ত বিশ্ববিদ্যালয়। বাকিগুলি ফ্ল্যাট বাড়ি। সেই ফ্ল্যাট বাড়িতে স্থাপন করা লিফটের চার তলা পর্যন্ত দরজা-জানালা না থাকায় লাশটি উদ্ধার করতে বেগ পেতে হয়েছে।