
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে নাজমা বেগম (৩৫) নামে স্বামী পরিত্যক্তা এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার আগ মুহূর্তে স্থানীয় এক ব্যক্তি জনৈক সম্রাটের ধান ক্ষেতের আইলে অজ্ঞাতনামা হিসেবে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ সময় লাশের পাশে পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় সনাক্ত করা হয়।
নাজমা নামে ওই নারী উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামের বাসিন্দা হলেও তিনি বর্তমানে নকলায় বসবাস করতেন। বিভিন্ন সময় তিনটি বিয়ে হলেও সব ক’জনকে ডিভোর্স দেওয়া ওই নারীর দুই সন্তান রয়েছে। তিনি একেক সময় একেক নামে একাধিক পুরুষের সাথে সম্পর্ক ছাড়াও অনৈতিক কাজে লিপ্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, অনৈতিক কাজের সূত্র ধরেই ওই নারী নালিতাবাড়ী আসেন এবং কোন কারণে বনিবনা না হওয়ায় গত দুই দিন আগে শ্বাসরোধ করে হত্যার পর আন্দারুপাড়া ধান ক্ষেতে মরদেহ ফেলে রাখে হত্যাকারীরা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবারের মধ্যে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।