
শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে রাস্তা থেকে তুলে নিয়ে এক গার্মেন্টসকর্মী গৃহবধূকে ৫ জন মিলে গণধর্ষণ করেছে।
গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভায়াডাঙ্গা আসন্দিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে অভিযুক্ত ৫ জনকে আসামী করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, শেরপুর শহরের সজবরখিলা মহল্লার বাসিন্দা ওই নারীর বিয়ে হয় বরগুনা জেলার আমতলি উপজেলার বেতগনিয়া গ্রামে। তিনি তার স্বামীকে নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকুরী করেন। ক’দিন আগে ঢাকা থেকে শ্রীবরদীর ভায়াডাঙ্গা আসন্দিপাড়ায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন ওই নারী। ২৪ নভেম্বর রাতে ওই নারী তার মামাতো বোনকে সাথে নিয়ে স্থানীয় এক ধর্মসভায় ওয়াজ শোনাতে যান। ধর্মসভা থেকে ফেরার পথে স্থানীয় যুবক মিল্লাদ (৪০), ফারুক মিয়া (৩৯), বাবু মিয়া (২৫), নজরুল ইসলাম (৩৫) ও শিপন মিয়া চুক্কা (২৮) নামে পাঁচজন মিলে তাকে স্থানীয় সাইদুর রহমানের মাছের খামারের পাশে নিয়ে যায়। সেখানে হত্যার হুমকি দিয়ে পাঁচজনে মিলে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে গৃহবধূকে। পরদিন ২৫ নভেম্বর রাতে এ ঘটনায় বাদী হয়ে জড়িত ৫ জনকে আসামী করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সাথে সাথেই অভিযান শুরু করেছি। ইতিমধ্যে মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।