
স্টাফ রিপোর্টার: বরেণ্য কবি সাংবাদিক ও কণামিস্ট এবং পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সহযোগী সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য, কবি সংঘ বাংলাদেশ-এর সভাপতি এবং শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা তালাত মাহমুদের গ্রামের বাড়ির জমি জবরদখল করে একটি স্বার্থান্বেষী চক্র কর্তৃক দালান নির্মাণ প্রক্রিয়ার অভিযোগ পাওয়া গেছে।
পেশাগত কারণে তালাত মাহমুদ দীর্ঘদিন যাবত গ্রামের বাড়িতে অবস্থান করেন না।। প্রায় ১৫ বছর আগে তাঁর বাড়ির দক্ষিণে অবস্থিত বাছুর আলগা মৌজার ৯৩৮ নং দাগে ৪০ শতক জমির উত্তরের সীমায় প্রশস্ত পাড় নির্মাণ করে উভয় পাশে নানা জাতের বৃক্ষের চারা রোপন করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই কে বা কারা পাড়ের উত্তর পাশের চারাগুলো উপড়ে ফেলে এবং পাড়টি কাটতে কাটতে মাটির সাথে মিশিয়ে ফেলে।
এ বছরের শুরুতে তালাত মাহমুদের ভাতিজা পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি তৌহিদুজ্জামান কিবরিয়া মাছচাষের জন্য জমিতে খনন কাজ চালান এবং জমির সঠিক সীমা নির্ধরণ না করেই পাড় বাধেস। ফলে কিছু জমি পাড়ের বাইরে থেকে যায়। দীর্ঘদিন পর কবি ও সাংবাদিক তালাত মাহমুদ বাড়িতে গেলে বিষয়টি তাঁর নজরে আসে। তিনি উক্ত জমি মেপে বুঝপ্রবোধ করে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
কিন্তু ১৯ নভেম্বর শনিবার মাহবুবুল আলম রানা ও এহসানুল আলম (শাহিন) উভয় পিতা মৃত একেএম ফয়েজুর রহমান, সাং বাছুর আলগা, ডাকঘর- চন্দ্রকোনা, উপজেলা- নকলা, জেলা শেরপুর; তারা দুইভাই পরস্পর যোগসাজশে ৯৩৭ নম্বর দাগে তাদের দাবীকৃত সামান্য জমির সাথে (কাগজপত্র নাই) পুকুরের পাড়ের বাইরে থাকা কবি ও সাংবাদিক তালাত মাহমুদের জমিতে মাটি ভরাট করে ঘর তোলার উদ্যোগ নেয়। তালাত মাহমুদ শেরপুর থেকে বাড়ি গেলে বিষয়টি তাঁর গোচরিভূত হয়। ঘটনাস্থলে গিয়ে তিনি গৃহ নির্মাণে বাধা প্রদান করেন। এতে উত্তেজিত হয়ে মাহবুবুল আলম (রানা) ও এহসানুল আলম (শাহিন) তাঁর সাথে অশোভন আচরণ শুরু করে।
তালাত মাহমুদ বলেন, সিটে তোমাদের যতটুকু জমি আছে তাতে তোমরা ঘর তুলো, আমার জমি জবরদখল করছো কেন? এতে তারা আরো উত্তেজিত হয়ে উঠে এবং তাকে দেখে নিবে বলেও হুমকী দেয়। এসময় তাদের অনুগত কিছু লোককে জড়ো করতে থাকলে কবি তালাত মাহমুদ স্থান ত্যাগ করেন।
উল্লেখ্য, ‘কাগজ যার জমি তার’ এমন নীতিকে উপেক্ষা করে মাহবুবুল আলম (রানা) গং কবি ও সাংবাদিক তালাত মাহমুদের নামে রেজিস্ট্রিকৃত ০৬ শতক জমিও জবরদখল করে রেখেছে। এব্যাপারে নকলা থানায একটি অভিযোগ দায়ের করা হয়েছে।