যশোর : যশোরের শার্শায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গত শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বহিলাপোতা-বেদেবাহাদুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে- আলাউদ্দিন সোহাগ (৪০), নান্নু মিয়া (৫৫), জজ মিয়া (৬৫), বাবুল (৫০), রবিউল (২৮), মোস্তফা (৩৫), মামুন (২৮), রুবেল হোসেন (২৫), শাহাজামাল (৬৫), রবিউল (৩৫) ও আব্দুল মজিদ (৫০)।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার দুপুরে বহিলাপোতা গ্রামের ইউপি সদস্য আব্দুল জব্বার ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে একই এলাকার আওয়ামী লীগ কর্মী মুজিবর ও তার ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়। পরে জব্বার ও কামাল বাহিনীর নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের উপর আর্তকিত হামলা চালায়। এসময় মুজিবর ও তার তিন ছেলেসহ ১২ জন আহত হয়। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বহিলাপোতা গ্রামে থমথমে বিরাজ করছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, মারামারি বিষয়টি শুনেছি। এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।