
কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে ভেসে এলো ৪ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতি ডলফিন। এটির প্রস্থ দেড় ফুট।
গতকাল রোববার দুপুরে সৈকতের লেম্বুর চর সংলগ্ন তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে আসে। পরে স্থানীয়রা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে এটির মৃত্যু রহস্য উন্মোচনের চেষ্টা করে।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ঠিক কিভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।
মহিপুর বন বিভাগের রেঞ্চ আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। এর আগে কুয়াকাটা সৈকতে ভেসে মৃত ডলফিনগুলোর মতো এটিকেও মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।