মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী) : নীলফামারীর ডোমারের জোড়াবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেককে ইউপি ভবনের ভিতরে মারপিটের মামলায় নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার (৬ডিসেম্বর) ভোররাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় অবস্থিত সাজুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজু ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় গত সোমবার রাতে ইউপি সদস্য আব্দুল খালেক বাদী হয়ে সাজুকে প্রধান আসামী করে ৪ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, সদ্য গত হওয়া জেলা পরিষদ নির্বাচনে আতাউর রহমান সাজু সদস্য পদে নির্বাচনে প্রার্থী হলে তার পক্ষে আমাদের নির্বাচনী প্রচারণা চালাতে বলেন। তার পক্ষে নির্বাচনী প্রচারণা না চালালে সাজু ইউপির সদস্যদের প্রতি ক্ষিপ্ত হন। এরই জেরে গত সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউপি ভবনে প্রবেশ করলে সাজু ও তার লোকজন ইউপি ভবনে গিয়ে ইউপি সদস্য আব্দুল খালেককে মারধর করে। এ সময় গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্যরা আব্দুল খালেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ইউপি চেয়ারম্যান সাখওয়াত হাবীব বাবু ইউপি সদস্য খালেককে ইউপি ভবনের ভিতর মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫ ডিসেম্বর থানায় মামলা করা হয়েছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মামলা ও মামলার প্রধান আসামী সাবেক জেলা পরিষদ সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাকে আাদালতে প্রেরণ করা হয়েছে।